ডেস্ক রিপোর্ট: ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ব্যাখ্যা দেন।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, “আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সঙ্গে আমি এক হয়েছি—মর্মে ‘আমার দেশ’ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি।”

তিনি আরও লেখেন, শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তিনি জেল খেটেছেন। তাঁর কোনো বক্তব্য অপছন্দ হলে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন। সেই সমালোচনাকে তিনি সাধুবাদ জানাবেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘আমার দেশ’ পত্রিকা তাঁকে ‘নব্য বিএনপি’ বলতে পারে না। সম্পাদক মাহমুদুর রহমানেরও তাঁকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হওয়ার অভিযোগ করার অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য সামনে আনার পর পাল্টা ন্যারেটিভ হিসেবে ‘আমার দেশ’ পত্রিকায় তাঁকে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হওয়ার অভিযোগ তোলা হয়েছে।

তিনি বলেন, এ অভিযোগ জামায়াত কিংবা দলটির নেতা গোলাম পরওয়ার করলে তিনি রাজনৈতিক ভাষায় জবাব দিতেন। কিন্তু জামায়াত ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে বলে তিনি মনে করেন। সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন এবং মিথ্যা ও অপবাদ ছিঁড়ে ফেলেছেন।