স্টাফ রিপোটার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করলে জামায়াতে ইসলামী সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বরেন, সরকারও যদি ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো হতে চায়, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে এ দেশের সাংবাদিক সমাজ তা রুখে দিবে। গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি রাষ্ট্রকে কল্যাণকামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে রাষ্ট্রব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টের জেলা জামায়াতের সেক্রেটারিয়েট কার্যালয়ে অনুষ্ঠিত দাযিত্বশীল বৈঠকে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। দায়িত্বশীল বৈঠকে অন্যান্য মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নাছির উদ্দীন খান প্রমূখ। প্রধান অতিথি বলেন “বর্তমান সমাজকাঠামো ও রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম হলো সরকারের চতুর্থ স্তম্ভ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গণমাধ্যমের কণ্ঠরোধ করে রাষ্ট্র পরিচালনা করা হয়েছিল। এর ফলে গোটা রাষ্ট্রযন্ত্র অনিয়ম ও দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছিল এবং রাষ্ট্রকে অকার্যকর করে তোলা হয়েছিল। মানুষের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল পুলিশি শাসনব্যবস্থার মাধ্যমে।” তিনি আরও বলেন, “ফলে এ দেশের জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বর্বর ফ্যাসিবাদকে পরাস্ত করে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। সেখানে গণমাধ্যম মুখ্য ভূমিকা পালন করেছে।”নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে জনগণ তাদেরকেও রুখে দিবে।