দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর এলাকা থেকে হেরোইন তৈরির কাঁচামাল সন্দেহে চার বোতল দ্রব্য আটক করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)। আটক দ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে নীলডুমুর ব্যাটালিয়নের অধীনস্থ শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় শাখরা বিওপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার উত্তরে এবং সীমান্ত থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কোমরপুর নামক স্থান থেকে আটক করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, আটক দ্রব্যগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে জানা যায়, এগুলো হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
বোতলের গায়ে উল্লেখিত মূল্য অনুযায়ী, প্রতিটি বোতলের দাম বাংলাদেশি মুদ্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে চার বোতলের মোট সিজার মূল্য ৭৮ লাখ টাকা।
এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহ, পিএসসি, সিগন্যালস জানান, সাতক্ষীরার শাখরা সীমান্তে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—এমন চার বোতল দ্রব্য আটক করা একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থান আবারও প্রতিফলিত হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। নীলডুমুর ব্যাটালিয়নের সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার জন্য তিনি গর্ব প্রকাশ করেন এবং দেশের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।
দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক
আটক দ্রব্যের আনুমানিক মূল্য ৭৮ লাখ টাকা




