স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় প্রেসক্লাবের দ্বিতীয় তলার হলরুমে শুরু হওয়া এ সভা বেলা ২টায় শেষ হয়।
প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যে উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান তিনি। পরে সভা পরিচালনার দায়িত্ব নেন সাধারণ সম্পাদক আব্দুল বারী।
সভায় আলোচ্যসূচি অনুযায়ী বিগত বিশেষ সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করা হয়। সদস্যদের পক্ষ থেকে কোনো সংযোজন বা বিয়োজনের প্রস্তাব না থাকায় তা অনুমোদন করা হয়। পরে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়।
অর্থ সম্পাদকের বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন নিয়েও কয়েকজন সদস্য আলোচনা করেন। বিস্তারিত আলোচনা শেষে প্রতিবেদনটি অনুমোদিত হয়।
সভায় প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বক্তব্য দেন আবু নাসের মো. আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, আবু সাঈদ বিশ্বাস, ফারুক হোসেন, রুহুল কুদ্দুস, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, এম জি জিল্লুর রহমান, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, কাজী শহিদুল হক রাজু, শহিদুল ইসলাম, শাহ আলম, সারোয়ার হোসেন, এম ইদুজ্জামান ইদ্রিস ও এস এম রেজাউল ইসলামসহ অন্যান্য সদস্য।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের বিধান অনুসরণ করে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সাংগঠনিক ও বিবিধ বিষয়েও আলোচনা হয়। আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রেসক্লাবের বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বনভোজনে সদস্যদের চাঁদার পরিমাণ নির্ধারণ নিয়েও আলোচনা হয়।
সভায় বক্তারা প্রেসক্লাবের কল্যাণ তহবিল আরও শক্তিশালী করা এবং প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ কার্যনির্বাহী কমিটি যেন সদস্যদের কল্যাণ ও প্রেসক্লাবের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত প্রেসক্লাবের সদস্যরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কার্যনির্বাহী কমিটির মেয়াদ বাড়ল ৪৫ দিন




