স্টাফ রিপোর্টার: “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় ইউনিয়নের মাহমুদপুর হাটখোলা মাঠে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডসহ ইউনিয়নবাসীর কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তৃণমূলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। পরিবারভিত্তিক টেকসই উন্নয়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
তিনি দলমত-নির্বিশেষে আলিপুর ইউনিয়নের প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় এ কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচিটির সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
৭ নম্বর আলিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা একটি নমুনা ফ্যামিলি কার্ড প্রদর্শন করেন এবং কার্ডের মেয়াদ ও এর মাধ্যমে প্রাপ্ত নাগরিক সুবিধাগুলো সম্পর্কে উপস্থিত জনগণকে অবহিত করেন।
স্থানীয় বাসিন্দারা এ কল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানান।
আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র শুভ উদ্বোধন
ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’




