সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর জামায়াতে ইসলামীকে জড়িয়ে দেওয়া বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন, কল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে দলীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ বার্তায় মাওলানা আজিজুর রহমান বলেন, বুধবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে এ ধরনের গুরুতর ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
মাওলানা আজিজুর রহমান বলেন, আবু জাহিদ ডাবলুর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও অসত্য বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য তার প্রতি আহ্বান জানাচ্ছি।