স্টাফ রিপোর্টার: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দিনভর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে নানা কর্মসূচি পালন করা হয়। বিকেলে জেলা শহরে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শহরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমবেত হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পার্ক এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে সেখানে অবস্থান নেন। বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন স্লোগানে মুখর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুই পাশে থাকা সাধারণ মানুষও শোভাযাত্রাটি দেখতে জড়ো হন। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির অন্যতম নেতা আলহাজ্ব আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফারুকসহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি দেশের মানুষের অধিকার, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনার পক্ষে কাজ করে আসছে বলে তারা দাবি করেন। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।