ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে এ সেন্টার স্থাপন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো: মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম ও কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান। এ ছাড়া শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক কাজী মাঈনুদ্দীন মাহমুদ, হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ ও এজিএস মুশফিকুর রহমান তাজওয়ারসহ হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো: মাজহারুল ইসলামের সার্বিক বাস্তবায়নে এবং শেখ মুজিবুর রহমান হল সংসদের সহযোগিতায় ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’টি প্রতিষ্ঠা করা হয়েছে।

মাজহারুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এ ল্যাবটি শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন পূরণে ব্যবহৃত হবে। একাডেমিক কাজ, অ্যাসাইনমেন্ট ও গবেষণার পাশাপাশি এখানে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। একইসাথে সেন্টারটি ই-লাইব্রেরি হিসেবেও ব্যবহারের সুযোগ থাকবে। ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ডিজিটাল রিসোর্স ও শিক্ষাসামগ্রী সহজে ব্যবহারের সুযোগ পাবেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলগুলোতেও এ ধরনের আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া হবে। শেখ মুজিবুর রহমান হলে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের প্রাথমিক ধাপ শুরু হলো।

তিনি আরো বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, একাডেমিক কার্যক্রমে সহায়তা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে কার্যকর ভূমিকা রাখবে