খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘সারা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, খাদ্যের কোনো ঘাটতি নেই।’

তিনি বলেন, ‘এখানে (ধামরাইয়ে) কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল, গম মজুত আছে, সেগুলো আমরা ঠিকমতো সরবরাহ করতে পারব।’

রোববার (৩০ আগস্ট) বিকেলে ঢাকার ধামরাই পৌর শহরে ইসলামপুর এলাকায় স্থাপিত সাধারণ ধারণক্ষমতা সম্পন্ন ৫০০ ও উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন ৬৫০ মেট্রিক টন খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। আকস্মিক পরিদর্শন বিষয়ে তিনি বলেন, সরেজমিনে প্রকৃত চিত্র দেখার জন্য এ পরিদর্শন করেছি।

সারের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সার পর্যাপ্ত মজুত আছে। ডিস্ট্রিবিউশন নিয়ে একটু বিশৃঙ্খলা আছে, তবে সেটাকে আমরা কাটিয়ে উঠতে পারব ইনশাল্লাহ।’

সরকারিভাবে ধান, চাল ক্রয়ে সিন্ডিকেটের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ সিন্ডিকেট থাকবে না। প্রকৃত কৃষক তার ধান, চালের ন্যায্য দাম পাবে।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মো: তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন, খাদ্য গুদামের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।