চলতি ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ইরানের বিভিন্ন কারাগারে অন্তত ২০ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো জানায়, চলতি বছরের প্রতি মাসেই গড়ে অন্তত একজন আফগান নাগরিককে ফাঁসি দেওয়া হয়েছে। এছাড়া আরও একাধিক আফগান নাগরিক বর্তমানে মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছেন।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, এসব আফগান আসামিদের বেশিরভাগই নিজেদের পক্ষে আইনজীবী রাখার সুযোগ পাননি। এমনকি তাদের বিচারপ্রক্রিয়া বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পরিবারকেও আগে থেকে কিছু জানানো হয়নি।

হত্যা ও মাদক সংক্রান্ত অপরাধের পাশাপাশি ইসরাইলের হয়ে চক্রান্ত এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার মতো অভিযোগে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের শিরাজ, ইয়াজদ ও ইসফাহান শহরের কারাগারগুলোতে মূলত এই সাজা দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালে ইরানে অন্তত ৮৫ জন আফগান নাগরিককে ফাঁসি দেওয়া হয়েছিল। ইরানে প্রতিনিয়ত নিজেদের নাগরিকদের এভাবে মৃত্যুদণ্ড দেওয়া হলেও, তাদের বাঁচাতে তালিবান সরকারের দৃশ্যমান কোনো ভূমিকা না থাকায় ক্ষোভ তৈরি হয়েছে।

সূত্র: খামা প্রেস।