আব্দুর রহমান: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় প্রত্যন্ত ইউনিয়ন গাবুরায় নেই পূর্ণাঙ্গ ফুটবল বা ক্রিকেট মাঠ। তবু নানা প্রতিকূলতার মধ্যেও থেমে নেই ক্রীড়াচর্চা। ছোট্ট বিদ্যালয় মাঠেই আয়োজন করা হচ্ছে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় গাবুরার পার্শ্বেমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গাবুরার হরিশখালী দল। খেলায় প্রধান অতিথি ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল জোয়ারদার, মাস্টার আব্দুর রহিম, জি এম আবিয়ার রহমান, সালাহ উদ্দিন লিটন, সাবেক চেয়ারম্যান মাওলানা ইসহাক আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। যোগাযোগব্যবস্থার প্রতিকূলতা সত্ত্বেও ফাইনাল দেখতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক। বিদ্যালয়ের ছোট মাঠটি পরিণত হয় স্থানীয় মানুষের মিলনমেলায়। নিম্নআয়ের মানুষের জন্য এ আয়োজন হয়ে ওঠে আনন্দ ও বিনোদনের উপলক্ষ। সুন্দরবনসংলগ্ন ও দুর্যোগপ্রবণ গাবুরা ইউনিয়নে তরুণদের খেলাধুলার আগ্রহ থাকলেও পর্যাপ্ত মাঠ নেই। ফলে সীমিত পরিসরের বিদ্যালয় মাঠেই আয়োজন করতে হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, একটি স্থায়ী ও উপযুক্ত খেলার মাঠ নির্মাণ করা হলে শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ বাড়বে। পাশাপাশি খেলাধুলা তাদের মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও ভূমিকা রাখতে পারে। প্রত্যন্ত গাবুরা ইউনিয়নে একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।