হুসাইন বিন আফতাব, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষা, সাহিত্য, মুক্তিযুদ্ধ, কৃষি, সাংবাদিকতা, ক্রীড়া ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রেসক্লাব। গত শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে ‘গুণীজনের আলোয় আলোকিত হোক সমাজ’ প্রতিপাদ্যে ‘নক্ষত্রের অভিবাদন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন। সাহিত্যে অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক মো. কেরামত উল্লাহ, শিক্ষায় স্বপন কুমার মুখার্জি, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা এস এম মিজানুর রহমান, কৃষিতে মনোতোষ মণ্ডল, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় আলহাজ মো. আরশাদ আলী মোড়ল, সমাজসেবায় আলহাজ আবুল কালাম বাবলা এবং ক্রীড়াক্ষেত্রে এস এম ফিরোজ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। মরণোত্তর সম্মাননা পান সাংবাদিক আনোয়ার হোসেন মল্লিক, জনসেবায় বাবু বিশ্বনাথ দাস এবং সংগীতে গীতিকার ও সুরকার অনিমেষ ব্যানার্জি। এ ছাড়া ঐতিহাসিক শাহী মসজিদ আশরাফিয়া দাওরা হাদিস মাদ্রাসায় দীর্ঘদিন দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ হাফেজ মো. আব্দুল আলীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সম্মাননা পান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও মুক্তিযোদ্ধা চিকিৎসক জিহাদ আলীও। অনুষ্ঠানে বক্তব্য দেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফজলুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জিসহ অতিথিরা। নতুন প্রজন্মের ১২ জন মেধাবী ব্যক্তি ও শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া শ্যামনগর মডার্ন স্কুলের ১০ শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সংবাদকর্মীদেরও বিভিন্ন বিভাগে মূল্যায়ন করা হয়। এ সময় প্রেসক্লাবের ম্যাগাজিন ‘আত্মপ্রকাশ’ প্রকাশ করা হয়। পরে জারিগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা
শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা




