ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কায় সাগর হোসেন (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্যামনগর-কালীগঞ্জ মহাসড়কের বংশীপুর লস্কর পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ও ভ্যানচালক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চার্জার ভ্যান নিয়ে জীবিকার সন্ধানে বের হন সাগর। সকাল সাড়ে ৬টার দিকে বংশীপুর লস্কর পেট্রোল পাম্পের কিছু দূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী লোকাল বাস ওভারটেক করতে গিয়ে তাঁর ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাগর সড়কের পাশে ছিটকে পড়েন।
দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে মাথা ও বুকে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার পর বাসটির চালক ও হেলপার বাস নিয়ে পালিয়ে যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটকের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।




