গাজী হাবিব: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭ নং চন্দনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব গাজী শফিউল আলম শফির নেতৃত্বে প্রায় ৩০০ মোটরসাইকেল নিয়ে শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গয়ড়া কলেজ মোড় থেকে শোডাউনটি শুরু হয়ে চন্দনপুর, কাদপুর, চান্দুরিয়া, হিজলদী, বিক্রমপুর, তিন বটতলা, মদনপুর ও রামভদ্রপুর হয়ে গয়ড়া বাজারে পৌঁছায়। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন নেতাকর্মীরা। শোডাউনের আগে গয়ড়া কলেজ মোড়সংলগ্ন মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য হাবিবুল ইসলাম হাবিবের কাছে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে বক্তব্য দেন শফিউল আলম শফি। একই সঙ্গে ইউনিয়নবাসীর প্রতি নিজের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু রায়হান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আনসারী রাজু ও মৎস্যজীবী দলের সভাপতি সাইফুদ্দিন। শোডাউনে নেতৃত্বদানকারীদের মধ্যে ছিলেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত সার্জন আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমজাদ হোসেন, তাঁতী দলের আহ্বায়ক জসীমউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু, গনি, কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব শাহীন আনসারী, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কারিমুস শাকিব মান্না ও সাধারণ সম্পাদক আবদুল কাদেরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।