আবু হাসান, নূরনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কুলতলি বাঁধন রক্তদান সংস্থার উদ্যোগে আট দলীয় মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ৮৫নং কুলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালে বংশীপুর ক্রিকেট টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুলতলি বাঁধন ক্রিকেট টিম। শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম আলমগীর। তিনি বলেন, যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা সময়ের দাবি। খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি তরুণদের মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নূরনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলহাজ শেখ লিয়াকত হোসেন বাবু, নূরনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মন্টু, যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী গোলাম শাহনাজ রাজু, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, রতনপুর ইউনিয়ন জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন, রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান এবং নূরনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান লিটন। এছাড়া উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম মাহমুদ রাজু, নূরনগর ইউনিয়ন মিডিয়া বিভাগের সভাপতি আবু হাসান, শহীদুল ইসলাম, নাজমা বেগম ও নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাহবুবুর রহমান। রেফারির দায়িত্ব পালন করেন ইমরান হোসেন ও শহীদুজ্জামান। খেলা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।