আবু হাসান, নূরনগর: সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা। এ সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মাসুদুল আলম দোহা বলেন, “শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দমুখর ও শান্তিপূর্ণ হোক—এটাই আমাদের প্রত্যাশা। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে।”
তিনি উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় সব পর্যায়ের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় নূরনগর বাজার সার্বজনীন দুর্গামন্দিরের সার্বিক পরিস্থিতি ও উৎসবের আয়োজন নিয়ে কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির নির্বাচিত নির্বাহী সদস্য প্রভাষক এম এম শফিউল আজম, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নূরনগর ইউনিয়ন বিএনপির নবঘোষিত যুগ্ম আহ্বায়ক গোলাম শাহনওয়াজ রাজু ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মন্টু। এ ছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মন্দির কমিটির পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা কাশীনাথ দেবনাথ, সভাপতি দেবদাস সাহা দেবী, সাধারণ সম্পাদক দীপক কুমার দেবনাথ (লিটন) ও কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় হালদার ফেলাসহ স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।


