চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখ (৫২) ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখসহ (২৭) চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

page-top-ad
রোববার (৩০ আগস্ট) সালাম শেখকে ঢাকার একটি এলাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

page-top-ad
গ্রেফতার অপর দু’জন হলেন—কদমতলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) ও ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদাবাজির একটি মামলায় একজনকে ঢাকা থেকে এবং তিনজনকে কদমতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পিরোজপুর শহরের কুমারখালী এলাকার বাসিন্দা মো: জাকির হোসেন কদমতলা গ্রামে নির্মাণাধীন বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে বালু ভরাটের কাজের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন। গত ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বালু ফেলার কাজ শুরু করেন।

অভিযোগ রয়েছে, কাজ শুরুর পর কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখ তাকে ওই কাজের অংশীদার হওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় প্রতি সিএফটি বালু ফেলার বিপরীতে এক টাকা করে চাঁদা দাবি করা হয়।

জাকির হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সালাম শেখ ও তার সহযোগীরা কদমতলা থেকে ঘ্যানসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার বালু পরিবহনের পাইপ ক্ষতিগ্রস্ত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।

এ ঘটনায় রোববার জাকির হোসেন বাদী হয়ে সালাম শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো চার-পাঁচজনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সালাম শেখকে ঢাকা থেকে এবং মামলার এজাহারভুক্ত আরো তিন আসামিকে কদমতলা এলাকা থেকে গ্রেফতার করে।