ডেস্ক রিপোর্ট:পাবনা সদর উপজেলার একটি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ দুর্ঘটনা ঘটে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চেয়ারম্যান জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিনের তৈরি মাচাং ঘরে আশ্রয় নেন। ঘরটিতে একটি চৌকিও ছিল। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই কিশোর ও তরুণ।
কবির হোসেন বাবু বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




