ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশের ক্যাডারভুক্ত আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে দুইজন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি, একজন সাবেক পুলিশ সুপার (এসপি) এবং তিনজন সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার তারেক বিন রশীদ, ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের সাবেক সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমান, ডিএমপির ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন এবং সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে নারীসংক্রান্ত অনৈতিক সম্পর্কের অভিযোগ এবং যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানের বিরুদ্ধে ‘ক্রসফায়ার’-এর নামে সাঈদুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
তবে প্রকাশিত তথ্যে আটজনের মধ্যে সাতজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। অষ্টম কর্মকর্তার নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।




