ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর বাউফলে গাছের ডাল কাটার সময় তা মাথায় পড়ে মোসলেম উদ্দিন হাওলাদার (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন হাওলাদার ওই এলাকার মৃত আনালি হাওলাদারের ছেলে। তিনি বাউফল পৌর বিএনপির সদস্য ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির কয়েকটি গাছ কালাইয়া এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন মোসলেম উদ্দিন। বুধবার দুপুরে গাছগুলো কাটতে গিয়ে এক কাঠুরিয়া গাছে উঠে একটি ডাল কাটেন। পরে আরেক কাঠুরিয়া রশি দিয়ে ডালটি বেঁধে নিচে নামানোর চেষ্টা করেন। এ সময় ডালটি গাছের কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মোসলেম উদ্দিনের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।