ডেস্ক রিপোর্ট: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ মানুষের ওপর চাপানো যাবে না।
সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এলপিজির মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এলপিজির দাম অস্বাভাবিকভাবে বাড়ানোয় জনজীবনে নতুন করে দুর্ভোগ তৈরি হবে। মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ায় বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যয় আরও বেড়ে যাবে।
তিনি বলেন, শুধু দাম বাড়িয়েই দায়িত্ব শেষ করা যাবে না। বাজারে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। রাজধানীতে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অথচ কার্যকর বাজার তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না।
আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বাড়ানো দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভোক্তাদের স্বার্থে নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি দাবি জানান।




