স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সোমবার (১৯ অক্টোবর) রাতে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি আর্থিক সহায়তা দেন এবং মন্দিরের টিনের ছাদ নির্মাণের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় হাবিবুল ইসলাম হাবিব বলেন, প্রতিবছরের মতো এবারও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন বলেও জানান তিনি।
পরিদর্শনকালে তিনি মন্দিরের অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন এবং টিনের ছাদ নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন। মন্দিরটির ছাদ নির্মাণে সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি পূজামণ্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এর আগে গত ১৭ অক্টোবর সরুলিয়া, নগরঘাটা ও ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন হাবিবুল ইসলাম হাবিব। দুই দিনে তিনি তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন বলে জানা গেছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম সফি, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল হক লিটু, তালা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, খলিলনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সায়েম হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বাচ্চু, অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনি, খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও সাংগঠনিক সম্পাদক আওয়াল মোড়লসহ স্থানীয় নেতৃবৃন্দ।

