খুলনা প্রতিনিধি: আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের আহ্বানে অনুষ্ঠেয় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সফলতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে অবদান রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিমের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর শান্তিধাম মোড়ের তারের পুকুর এলাকার দলীয় কার্যালয়ে লংমার্চের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আবুল কালাম আজাদ বলেন, এ লংমার্চ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়; জনগণের অধিকার প্রতিষ্ঠা, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পদযাত্রা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অংশগ্রহণ এ কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, যেকোনো গণআন্দোলনের মূল শক্তি তৃণমূলের নেতা-কর্মীরা। লংমার্চ সফল করতে মহানগরীর প্রতিটি ওয়ার্ড, থানা ও ইউনিটের নেতা-কর্মীদের প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন। প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, যাতায়াত, শৃঙ্খলা রক্ষা, প্রচার এবং দূর-দূরান্ত থেকে আসা অংশগ্রহণকারীদের অভ্যর্থনার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পালনের কথাও বলেন তিনি। খুলনা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি। সভায় বক্তব্য দেন খুলনা অঞ্চল টিমের সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান, মহানগরীর সহকারী সেক্রেটারি এড. শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা শেখ মোহাম্মদ অলিউল্লাহ, সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, দাওয়াহ ও প্রকাশনা সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম এবং মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন উপস্থিত ছিলেন।