সাইফুজ্জামান, মানিকগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন ও ২০২৭-২০২৮ সেশনের জন্যে জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টায় মানিকগঞ্জের শহীদ তিতুমীর একাডেমি প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন। মানিকগঞ্জ জেলা জামায়াতের বর্তমান আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম। এতে মানিকগঞ্জ জেলা জামায়াতের নারী ও পুরুষ রুকনরা (সদস্য) অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত রুকনরা সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশে জেলা আমীর নির্বাচনে ভোট প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জাহিদুর রহমান দলীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন। তিনি দলের দায়িত্বশীলদের গণমুখী নেতৃত্বের ভূমিকা পালনের আহ্বান জানান।
মানিকগঞ্জে জামায়াতের রুকন সম্মেলনে গণমুখী নেতৃত্বের আহ্বান
মানিকগঞ্জে জামায়াতের রুকন সম্মেলনে গণমুখী নেতৃত্বের আহ্বান




