সাতক্ষীরায় ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১০ জন এবং বেসরকারি হাসপাতালে দুজন রয়েছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, সদর হাসপাতালে একজন, দেবহাটায় একজন ও কলারোয়ায় তিনজন ভর্তি হয়েছেন। বাকি দুজন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৪১ জনের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৬৮ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ২০ জনকে। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর তথ্য নেই। তবে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালভিত্তিক হিসাবে, বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, সদর হাসপাতালে চারজন, দেবহাটায় সাতজন, কালিগঞ্জে ১২ জন, কলারোয়ায় তিনজন, শ্যামনগরে তিনজন এবং বেসরকারি হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। আশাশুনি ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বাড়ির ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।




