ডেস্ক রিপোর্ট: মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের চাকরির নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে চাকরির চুক্তিপত্রের অনুলিপি নিজেদের কাছে সংরক্ষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রত্যেক কর্মীকে নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের একটি কপি সংগ্রহ করে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম অনুযায়ী মালদ্বীপে কর্মরত প্রত্যেক বাংলাদেশি কর্মীর সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের লিখিত চাকরির চুক্তি থাকা বাধ্যতামূলক।
চুক্তিপত্রে কর্মীর কাজের ধরন ও দায়িত্ব, নির্ধারিত বেতন, প্রাপ্য সুযোগ-সুবিধা এবং চাকরির অন্যান্য শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এসব বিষয় লিখিতভাবে সংরক্ষিত থাকলে কর্মীরা তাঁদের চাকরিসংক্রান্ত অধিকার ও শর্ত সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।
হাইকমিশন আরও জানায়, শুধু চাকরির চুক্তি সম্পাদন করলেই দায়িত্ব শেষ হবে না। প্রত্যেক কর্মীকে সংশ্লিষ্ট কোম্পানি থেকে চুক্তিপত্রের একটি অনুলিপি সংগ্রহ করতে হবে এবং তা ব্যক্তিগতভাবে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে।




