ডেস্ক রিপোর্ট: পোশাক খাতে চলমান অস্থিরতার জন্য আওয়ামী লীগ-সমর্থিত মালিক ও শ্রমিকদের দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিক আন্দোলনের আড়ালে কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার কঠোর হাতে তা দমন করবে।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বন্ধ কারখানাগুলো চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে শিল্পমালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার পাশাপাশি যেসব কারখানা বন্ধ থাকবে, সেগুলোর তালিকা দিতে মালিকদের অনুরোধ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে সোমবার বিকেল ৩টায় শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।