ডেস্ক রিপোর্ট: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত শ্রমিকেরা জানিয়েছেন, বেতন-ভাতা বৃদ্ধির দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।




