ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার (১ নভেম্বর) বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, কমিশনের অন্যান্য সদস্য, কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগের কথা জানানো হয়।
সম্প্রতি পিএসসির দুই সদস্য পদত্যাগ করেন। সাবেক সচিব মো. মহিউদ্দিন গত ১৫ অক্টোবর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে রাষ্ট্রপতি তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন।
দুই সদস্যের পদত্যাগের পর ২০ সদস্যের পিএসসিতে সদস্য সংখ্যা কমে ১৮ জনে দাঁড়ায়। অধ্যাপক শামীমা সুলতানার নিয়োগের ফলে বর্তমানে কমিশনের সদস্য সংখ্যা বেড়ে ১৯ জন হয়েছে।
এর আগে গত আগস্টে পিএসসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন। পরে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।




