স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীন পদ্মশাখরা, কাকডাঙ্গা ও বৈকারী বিওপির সদস্যরা এসব অভিযান চালান। বিজিবি সূত্রে জানা যায়, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর উপজেলার ভাঙ্গার মুখ এলাকা থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও উইনসেরেক্স সিরাপ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার ছবেদ মোড় এলাকা থেকে ১৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন। এ ছাড়া বৈকারী বিওপির টহল দল সদর উপজেলার বৈকারী কাপালিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে মো. আসাদুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আমিনুদ্দিন সরদারের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় সিম কার্ডসহ চারটি সিম কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, রাজস্ব ফাঁকি রোধ ও দেশীয় শিল্পের বিকাশে জনস্বার্থে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
বিজিবির অভিযানে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১




