ডেস্ক রিপোর্ট:ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৫২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। বৃহস্পতিবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলোতে ভোট গণনার প্রস্তুতি নেওয়া হয়। নির্বাচন কমিশনের জেলা কার্যালয় জানিয়েছে, সার্বিকভাবে ভোটের পরিবেশ ভালো ছিল এবং ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনে জাল ভোট, আগাম ব্যালটে সিল দেওয়া এবং বিএনপির কর্মীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম দেখা যায়। তবে সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত কিছু এলাকায় ভোটারদের উপস্থিতি বেশি ছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বিকেল ৪টার দিকে জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী প্রায় ৫২ শতাংশ ভোট পড়েছে। এর আগে দুপুর ১টা পর্যন্ত ৩৩ শতাংশ ভোট পড়ার কথা জানিয়েছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের নির্বাচন কমিশনের ইস্যু করা পরিচয়পত্র ছিল না। তাঁর দাবি, কিছু কেন্দ্রে ব্যালট পেপারে আগেই সিল মারা হয়েছিল এবং শিশুদের দিয়ে জাল ভোট দেওয়ানো হয়েছে। জাল ভোটের অভিযোগে আটক কয়েকজনকে ছেড়ে দেওয়ার অভিযোগও করেন তিনি।
অন্যদিকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিন অভিযোগ করেন, ডাব ও বটগাছ প্রতীকের এজেন্টরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন। তবে নির্বাচন নিয়ে তাঁর কোনো আশঙ্কা নেই বলে জানান তিনি।
নির্বাচনের দিন দুপুরের আগে দানারহাট আনসারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশ। তাঁরা হলেন ছাত্রদলকর্মী সিয়াম, হিমেল ও মিনহাজ। এ ছাড়া কয়েকটি কেন্দ্রে বিএনপির কর্মীদের বিরুদ্ধে জাল ভোট দেওয়া এবং প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে আগেই ব্যালট পেপারে সিল ও স্বাক্ষর দেওয়ার অভিযোগ ওঠে।
সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন কেন্দ্রে তৎপর থাকতে দেখা যায়। জেলা নির্বাচন অফিস জানিয়েছে, ভোট গ্রহণ শেষে অল্প সময়ের মধ্যেই গণনা শুরু হওয়ার কথা।




