ডেস্ক রিপোর্ট:ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতোই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এ উপনির্বাচনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, “আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।”
১১-দলীয় জোটের উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, জোটের পক্ষ থেকে করা অভিযোগগুলো সমাধান করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ গড়ে তোলা এবং দেশে একটি সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠা করাই কমিশনের লক্ষ্য।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সিইসি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।




