ডেস্ক রিপোর্ট:টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মহেড়া রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসের (৭৬৫) শেষ বগিটির পেছনের অংশ লাইনচ্যুত হয়। এতে বগিটির চাকা ও রেললাইনের কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
রেলওয়ের কর্মকর্তা রেজাউল করিম জানান, শেষ বগিটি লাইনচ্যুত হওয়ার পর সেটি রেখেই নীলসাগর এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে চলে যায়। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মহেড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সোহেল রানা বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এতে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।
রেল চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন বলে জানান স্টেশনমাস্টার। উদ্ধারকাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।