আবু সাইদ বিশ^াস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের সংগঠক। তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই ব্যাপক হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে আয়োজিত সমাবেশে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে ষড়যন্ত্র, লুটপাট, চাঁদাবাজি, নারী নির্যাতন ও ব্যাংক ডাকাতিসহ সারা দেশে সন্ত্রাসীর রাজত্ব প্রতিষ্ঠা করে ছিল। তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠা নিয়ে ঢাকায় আসার আহ্বান জানান তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে ওই দিন রাজধানীর পল্টনে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়। এতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মী নিহত হন। নিহতদের লাশের ওপর নৃত্য করার ঘটনাও ঘটেছিল বলে তিনি দাবি করেন। অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “পল্টন ট্র্যাজেডির সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তিনি এ ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো: ওমর ফারুক, অফিস সেক্রেটারি রুহুল আমিন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে বিপুলসংখ্যক জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড় ও তুফান মোড় অতিক্রম করে বড়বাজার সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ আবদুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। মিছিল থেকে নেতাকর্মীরা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় বর্তমান সরকার আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক ফাঁদে পা দিচ্ছে কি না, সে প্রশ্ন দেখা দেবে বলেও তাঁরা মন্তব্য করেন।
পল্টন ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের সংগঠক: সাতক্ষীরা জামায়াতের আমীর




