ডেস্ক রিপোর্ট:

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে মামলা পুনরুজ্জীবন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় খুলনা নগরীর বয়রা এলাকায় শহীদ আমিনুল ইসলাম বিমান মিলনায়তনে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে খুলনা মহানগরী ছাত্রশিবির আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বলেন, ২৮ অক্টোবরের লগি-বৈঠার হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। তাঁর অভিযোগ, শুধু মানুষ হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, বরং লাশের ওপর নৃত্য করে বর্বরতার নজির স্থাপন করেছিল।
তিনি আরও বলেন, পল্টন হত্যাকাণ্ডে জড়িতদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হলেও রাজনৈতিক প্রভাবে তা প্রত্যাহার করা হয়েছে বলে তিনি দাবি করেন। এখন মামলাটি পুনরুজ্জীবিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল। পরবর্তী সময়ে পিলখানা, শাপলা চত্বর, আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে সংঘটিত সহিংসতা এবং সর্বশেষ জুলাইয়ের ঘটনাবলির মধ্য দিয়ে তা চূড়ান্ত রূপ পায় বলে তিনি মন্তব্য করেন।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পল্টন ট্র্যাজেডিতে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।