খুলনা প্রতিনিধি: ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সোমবার (২৬ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসক (ডিসি) হুরে জান্নাতের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় লংমার্চের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি। দুপুরে নেতৃবৃন্দ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য সহযোগীতা কামনা করেন। এর আগে নেতৃবৃন্দ ডিআইজি মো. রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করে অনুরূপ সহযোগীতা কামনা করেন। বৈঠক থেকে বের হয়ে জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিটি যাতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলিতভাবে সফল করা সম্ভব হয়, সে বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। লংমার্চ চলাকালীন জনদুর্ভোগ এড়ানো এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে দলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এ সময় নেতৃবৃন্দ কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন। খুলনার জেলা প্রশাসক (ডিসি) হুরে জান্নাত জামায়াত নেতাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং লংমার্চের কর্মসূচি সফল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক কর্মসূচিতে শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে কর্মসূচি পালিত হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। জামায়াত নেতারা আরও জানান, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লংমার্চটি একটি ঐতিহাসিক ও সফল কর্মসূচিতে রূপ নেবে। পাশাপাশি, কর্মসূচি সফল করতে খুলনার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তারা। এবং সাময়িক দুভোর্গের জন্য আগাম নগরবাসীর কাছে দু:খ প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।
খুলনা জেলা প্রশাসকের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস




