ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ ঢাকা মহানগরীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির প্রতিবাদ করায় মেজর (অব.) আখতারুজ্জামানকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা এ ঘটনাকে অন্যায় দাবি করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান।
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে সাব্বির জামান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, মেজর আখতারুজ্জামান দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের অধিকার ও প্রবাসীদের সম্মান রক্ষায় কাজ করেছেন। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের প্রতিবাদ করায় তাঁকে মামলায় জড়ানো হয়েছে বলে তাঁরা দাবি করেন।
তাঁর ছেলে সাব্বির জামান অভিযোগ করেন, ৭৬ বছর বয়সী একজন বীর মুক্তিযোদ্ধাকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হয়েছে। এ সময় তিনি তাঁর বাবার মুক্তি দাবি করে বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সরকারের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
বক্তারা আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। মেজর (অব.) আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা তাজিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল করিম, মো. শফিকুল ইসলাম, মো. আব্দুল হাকিম খান, ডি এম শাহজাহান, মো. ইকরামুল হক, জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের মুখপাত্র শহিদুল ইসলাম এবং রিভাইভার স্পোর্টিং ক্লাবের সভাপতি ডা. মইন উদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।