ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ তথ্য জানায়। ব্যাটালিয়নের অধীন গাজীপুর, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির টহল দল ভোরে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, গাজীপুর বিওপির আওতাধীন বেলতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ৯৬০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মো. রিপন হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির আওতাধীন গেড়াখালী এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ এবং হিজলদী বিওপির আওতাধীন বড়ালী এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা মাদক ও অন্যান্য পণ্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা সীমান্তে ৬ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাতক্ষীরা সীমান্তে ৬ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১




