আন্তর্জাতিক ডেস্ক: চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) অঞ্চলটিতে এই শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। আনাদোলুর খবরে বলা হয়, স্থানীয় সময় এদিন রাত ১০টা ৩৩ মিনিটে (জিএমটি ১৪টা ৩৩ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। অঞ্চলটির উত্তরাঞ্চলে নাগকু শহর থেকে প্রায় ১৮৩ কিলোমিটার দূরে ছিল এর অবস্থান। ভূমিকম্পে কম্পনজনিত প্রাণহানির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করেছে ইউএসজিএস। এর অর্থ, কিছু প্রাণহানির ঘটনা ঘটতে পারে। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিষয়ে সংস্থাটি কমলা সতর্কতা জারি করেছে। এতে উল্লেখ করা হয়েছে, উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এর প্রভাব ব্যাপক হতে পারে। ইউএসজিএস জানিয়েছে, এই অঞ্চলের মানুষ সাধারণত এমন স্থাপনায় বসবাস করেন, যেগুলো ভূমিকম্পের কম্পনে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর আগে গত আগস্টে নেপালের লাংতাং লিরুং পর্বতে বরফ ও পাথরের ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় অঞ্চলটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনায় দুই পাশ মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হন। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের তিব্বত
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের তিব্বত




