ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মাম রুটের ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। আর রিয়াদগামী ফ্লাইট বন্ধ থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনায় দুই দফায় রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছিল বিমান। সর্বশেষ ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দাম্মাম রুটে ২২ অক্টোবর থেকে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়। রিয়াদ রুটে ২৫ অক্টোবর একটি ফ্লাইট পরিচালনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নতুন করে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় আবারও ফ্লাইট স্থগিত করা হলো।