ডেস্ক রিপোর্ট: খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ট্রাক ড্রাইভার ও দুইজন মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। পৃথক দুটি দুর্ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বুধবার (২১ অক্টোবর) দুপুরে ও মঙ্গলবার দিবাগত গভীর রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আঠারমাইল এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুন্সীগঞ্জ জেলার মোক্তারপুর গ্রামের বাসিন্দা ও ট্রাকচালক জিন্নাত মিয়া (৩৫) এবং দুই মোটরসাইকেল আরোহী খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত আব্দুল বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী (৪৩) ও একই গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস সরদার (২৫)। তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন খর্ণিয়া হাইওয়ে পুলিশের ওসি মুন্সি পারভেজ আহমেদ। স্থানীয়দের দাবি, দুর্ঘটনাকবলিত বাসটি যাত্রীতে পূর্ণ ছিল। এতে অন্তত বাসের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। তাদের সাতক্ষীরার তালা ও সাতক্ষীরার হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মুন্সি পারভেজ আহমেদ বলেন, আমরা বাসের কোনো আহত যাত্রী পায়নি। তবে বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বাসের তলে কোনো যাত্রী থাকলেও থাকতে পারে। বাসটি উদ্ধারের পর এই ব্যাপারে নিশ্চিতভাবে বলতে পারবো। অন্যদিকে, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে প্রায় একই স্থানে ‘ইমাদ পরিবহনের’ ধাক্কায় মোটরসাইকেল আরোহী ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত আব্দুল বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী (৪৩) ও একই গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস সরদার (২৫) ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রউফ গাজী ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের একজন মাছের আড়তদার। মঙ্গলবার তার আড়তে মাছ বিক্রি করতে আসা পার্শ্ববর্তী তালা উপজেলার কয়েকজন মাছ চাষির বকেয়া টাকা পৌঁছে দিতে রাত ৮টার দিকে আড়তের কর্মচারী ইউনুসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চুকনগর বাজারে যান। টাকা পরিশোধ করে রাত দেড়টার দিকে বাড়ি ফেরার সময় আঠারমাইল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ‘ইমাদ পরিবহন’ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে প্রায় ১৫ ফুট দূরে গিয়ে রাস্তার উপর পড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী আব্দুর রউফ ও ইউনুস সরদার মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়। খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মুন্সি পারভেজ আহমেদ বলেন, মঙ্গলবার ঘটা দুর্ঘটনায় মামলা হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার নিহত দুইজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একইভাবে বুধবার দুর্ঘটনার বিষয়েও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।