এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের সাত মাসে সমন্বয়হীনতা, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা—তা হাস্যকর। বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না—বিএনপির এমন অভিযোগ হাস্যকর। জামায়াতে ইসলামীই জুলাইকে ধারণ করে। সরকার জুলাইকে ধারণ না করায় তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না।
গতকাল মঙ্গলবার দুপুরে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি সাংবিধানিক সব প্রতিষ্ঠানে দলীয় লোক বসাচ্ছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের লোকদের বসাচ্ছে।
তিনি বলেন, জামায়াতসহ ১১টি দল জুলাইকে ধারণ করে জনগণের দাবির ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন করছে। বিএনপি জুলাইকে ধারণ করে না বলে গণভোটকে অস্বীকার করছে। গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে।
তিনি আরও বলেন, জুলাই চেতনার বাইরে তারা পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি সরকারি কর্মকমিশনে তারা হস্তক্ষেপ করেছে। সেখানে চা খাওয়ার দাওয়াত দিয়ে পিএসসির চেয়ারম্যানসহ অন্য সদস্যদের পদত্যাগের কথা বলা হচ্ছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা দলীয়করণের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন।
গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ে আহতদের চিকিৎসার জন্য জামায়াত আমির পাশে ছিলেন। সারা বিশ্বে জামায়াতে ইসলামী নিজস্ব উদ্যোগে জুলাই শহীদদের স্মৃতি তুলে ধরা ও সংরক্ষণের জন্য তিনটি ভাষায়—বাংলা, ইংরেজি ও আরবি—বই প্রকাশ করেছে। সরকারের কোটি কোটি টাকা তহবিল থাকা সত্ত্বেও কোনো উদ্যোগ নেই। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের বেতন হচ্ছে না। তাঁরা তাঁদের কাছে অভিযোগ করছেন।
জামায়াতের এই নেতা বলেন, বিএনপি তাদের ‘নোট অব ডিসেন্ট’-এর ওপর অনড় থাকতে গিয়ে রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা ফ্যাসিবাদী। তারা নিজেদের মতো বিশেষ কমিটি করে সংবিধান সংস্কার না করে সংশোধনের পথে যাচ্ছে। তারা ভিন্নমত গ্রহণ করতে পারেনি, সমঝোতা করেনি। জামায়াতের পাঁচটি ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়ে তারা শক্ত অবস্থানে থাকেনি। বিএনপি ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রকাঠামো বজায় রাখতে তাদের ‘নোট অব ডিসেন্ট’-এর ওপর অটল রয়েছে।