নিজস্ব প্রতিবেদক: ডিআইজির ভাড়া দেওয়া বাসা থেকে ৮৪ জন নারী-পুরুষকে আটক এবং মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “বাংলাদেশ পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে।”
ঘটনাটির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।”
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ভাড়া দেওয়া বাসায় এ ধরনের ঘটনা জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
পোস্টে তিনি আরও লেখেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। গ্যাস-বিদ্যুতের সমস্যাও তো রয়েছেই। এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।”
পোস্টের শেষাংশে “হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ!” লিখে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
আলোর পরশের নোট: প্রতিবেদনটি জামায়াত আমিরের ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যের ভিত্তিতে তৈরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁর মন্তব্যগুলো তাঁর নিজস্ব রাজনৈতিক মূল্যায়ন; এগুলোকে স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য হিসেবে উপস্থাপন করা হয়নি।
… ডিআইজির ভাড়া দেওয়া বাসায় এমন অপকর্ম, আইনশৃঙ্খলার অবনতি স্পষ্ট: জামায়াত আমির
ডিআইজির ভাড়া দেওয়া বাসা থেকে ৮৪ জন নারী-পুরুষকে আটক এবং মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে




