ডেস্ক রিপোর্ট: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। অর্থাৎ, ছাত্রদের তুলনায় ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে।

গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ফল

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোতেও ছাত্রদের তুলনায় বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ লাখ ২৭ হাজার ৭৮৯ জন এবং ছাত্রী ৩ লাখ ১৩ হাজার ৪৬০ জন। অর্থাৎ, ছাত্রদের চেয়ে ৮৫ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী পাস করেছে।

এ বছর পরীক্ষার জন্য মোট কেন্দ্র ছিল ২ হাজার ৭৬০টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৯ হাজার ৩৯০টি। গত বছরের তুলনায় প্রতিষ্ঠান বেড়েছে ৮৮টি, তবে কেন্দ্র কমেছে ৪০টি।

এবার শতভাগ পাস করেছে ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অন্যদিকে, কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩টি, যা গত বছরের তুলনায় ৯১টি বেশি।

এ ছাড়া আটটি বিদেশি কেন্দ্রে ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০৯ জন। এসব কেন্দ্রে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ।