ডেস্ক রিপোর্ট:হ্যালোইন উৎসবের দিন শনিবার (৩১ অক্টোবর) ফ্রান্সে পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, বিক্ষোভ ঘিরে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। প্রয়োজনে গত সপ্তাহে মোতায়েন করা সাঁজোয়া যান ও জলকামানও ব্যবহার করা হতে পারে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে বিভিন্ন স্থানে লুটপাট ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক সংবাদ সম্মেলনে নুনেজ বলেন, ৩১ অক্টোবর জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার অত্যন্ত উচ্চ ঝুঁকি রয়েছে।

তিনি জানান, গত সপ্তাহের বিক্ষোভের মতো এবারও প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম সদস্য মোতায়েন করা হবে। এ পদক্ষেপকে তিনি ‘ব্যতিক্রমী ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবার দেশজুড়ে বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল এর প্রায় দ্বিগুণ। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এর আগের সপ্তাহে দুই হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।

হ্যালোইনে মুখ ঢেকে রাখার বিষয়ে সতর্কতা

‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ও বিভিন্ন ছাত্র ইউনিয়ন শনিবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে হ্যালোইনের সময় মুখ ঢেকে রাখার বিষয়েও সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ।

তিনি বলেন, হ্যালোইনকে মুখ ঢেকে রাখার বৈধ অজুহাত হিসেবে ব্যবহার করে কেউ যেন জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি না করে।

নুনেজ জানান, বিক্ষোভ করার অনুমতি থাকবে, তবে শহরের কেন্দ্রস্থলে নয়। কারণ সেখানে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে।

এদিকে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা হ্যালোইনের দিন তাদের বিক্ষোভের ‘তৃতীয় পর্ব’ ঘোষণা করেছে। পাশাপাশি জাতীয় পরিষদের সামনে এবং দেশের সব টাউন হলের বাইরে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে তারা।