ডেস্ক রিপোর্ট:বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালীয় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ইতালীয় সেনাবাহিনীর দুজন সদস্য এবং ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবক সামরিক কোরের দুজন সদস্য রয়েছেন। আহত ১১ জন বর্তমানে চিকিৎসাধীন। তাঁদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে। হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শোকের এই মুহূর্তে তাঁর প্রথম ভাবনা নিহতদের স্বজনদের নিয়ে। প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকেও তিনি তাঁদের প্রতি সমবেদনা জানান।
সংবাদ সংস্থা আনসার বরাতে জানা গেছে, বসনিয়ার ব্রকো জেলার গোরিচে গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে সামরিক পরিবহন হেলিকপ্টারটিকে মাটিতে উল্টে পড়ে থাকতে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে দেখা গেছে।
হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের ‘অপারেশন আলথিয়া’র অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল। এ মিশনের মূল দায়িত্ব ডেটন শান্তি চুক্তির বাস্তবায়ন তদারকি করা।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।




