ডেস্ক রিপোর্ট: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী রোববার ‘দিল্লি চলো’ কর্মসূচিতে সব ছাত্র সংগঠনকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত সমাবেশে দলমত নির্বিশেষে ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণ চান রাহুল।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচি নয়; বরং গণতন্ত্র, ভোটাধিকার ও সংবিধান রক্ষার আন্দোলন। যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ, তাঁদের সবাইকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

ছাত্র ও তরুণদের উদ্দেশে রাহুল বলেন, পুলিশি বাধা বা লাঠিচার্জের ভয় না পেয়ে মিছিলে অংশ নিতে হবে। সংবিধান ও দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, একই দাবিতে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের পাশাপাশি ককরোচ জনতা পার্টিও আন্দোলন করছে। দলটির ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিরোধী শিবিরের কয়েকজন নেতা আটক হয়েছিলেন। তাঁদের মধ্যে চার সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন, মানিক সরকার ও অরবিন্দ কেজরিওয়ালও ছিলেন।

তবে ওই কর্মসূচিতে রাহুল গান্ধী বা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অংশ নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন