ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পিছিয়ে রয়েছে। দেশটির তিনটি প্রধান টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপে এমন পূর্বাভাস উঠে এসেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর জরিপগুলোর ফল প্রকাশ করা হয়। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
বুথফেরত জরিপ অনুযায়ী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের তুলনায় পিছিয়ে রয়েছে নেতানিয়াহুর জোট। তবে একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপরও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে তাঁর জোট অনেকটা দূরে রয়েছে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ১২ ও ১৩-এর বুথফেরত জরিপে বলা হয়েছে, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও কট্টর ধর্মীয় দলগুলোর জোট প্রায় ৫০টি আসন পেতে পারে। বর্তমানে পার্লামেন্টে এই জোটের আসনসংখ্যা ৬৮।
অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫২ থেকে ৫৩টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ‘কান’ ও চ্যানেল ১৩-এর জরিপে জোটটির সম্ভাব্য আসনসংখ্যা ৫৩ এবং চ্যানেল ১২-এর জরিপে ৫২টি দেখানো হয়েছে।
এ ছাড়া আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’ ও আরেকটি আরব দল ‘রা’আম’ সম্মিলিতভাবে ১৭ থেকে ১৮টি আসন পেতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। ফলে সরকার গঠনের ক্ষেত্রে এসব দলের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
জরিপের ফল প্রকাশের পর বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর জোটের পরাজয় হয়েছে বলে দাবি করেন। এক বিবৃতিতে তিনি বলেন, “কাউকে আপনাদের বিভ্রান্ত করতে দেবেন না। নেতানিয়াহুর ব্লক বিপর্যয়কর পরাজয় বরণ করেছে। পুরোপুরি ধস নেমেছে এবং জনগণ তাদের ঘরে ঢুকে যেতে বলেছে।”
তবে বুথফেরত জরিপের ফল চূড়ান্ত নির্বাচনী ফল নয়। আনুষ্ঠানিক ফল প্রকাশের পরই দলগুলোর প্রকৃত আসনসংখ্যা এবং সরকার গঠনের সম্ভাব্য সমীকরণ স্পষ্ট হবে।