স্টাফ রিপোর্টার: খুলনা মহানগরীতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পৃথক ঘটনায় গুলিতে এক যুবক এবং গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। ভোর সাড়ে পাঁচটার দিকে মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেনে মো. তুষার (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশে নম্বরপ্লেটবিহীন একটি কালো আর-১৫ মোটরসাইকেল পাওয়া যায়। তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পাওয়া মোটরসাইকেলটির মালিকানা ও ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে লবণচরা থানার জিন্নাপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে খুশি (২৫) নামে এক গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। তিনি ওই এলাকার সুমন সরদারের স্ত্রী। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত খুশিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ডে নগরীতে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
খুলনায় একই দিনে গুলি ও কুপিয়ে যুবক-গৃহবধূকে হত্যা
খুলনায় একই দিনে গুলি ও কুপিয়ে যুবক-গৃহবধূকে হত্যা




