ডেস্ক রিপোর্ট: পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো। ২০২৫ সাল থেকে চলা এসব আয়োজনে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করতে হতো। এছাড়া প্রতিটি পার্টিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। ভবনটিতে প্রবেশ করে ডিজে পার্টির আয়োজন দেখতে পান পুলিশের সদস্যরা। সেখানে প্রায় ২২টি গাড়ি ছিল। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল। সিসা সেবনের কারণে পরিবেশ ধোঁয়াচ্ছন্ন ছিল বলেও জানান তিনি। ডিসি ইলিয়াস কবির বলেন, পার্টিতে উপস্থিত তরুণ-তরুণীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকার ছিলেন। সেখানে ২৬ জন তরুণী ছিলেন, যাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাদের মধ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও ছিলেন বলে দাবি করেন তিনি। পুলিশের এ কর্মকর্তা বলেন, অভিযান শুরু হলে পার্টি বন্ধ হয়ে যায়। উপস্থিত ব্যক্তিরা ভবনটির বিভিন্ন কক্ষে চলে যান। পাঁচ কক্ষের ওই বাড়িতে তখন পার্টির আয়োজন চলছিল। অভিযানে মদের তিনটি বোতল, ইয়াবা ও কুশ নামের একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ছাড়া যৌনস্বাস্থ্যসংশ্লিষ্ট কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলে জানান ডিসি ইলিয়াস কবির। অন্যদিকে, মেয়েদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন দিন কারাভোগ করতে হবে বলে জানান তিনি।